নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
মোটরবাইকে যাওয়ার সময় এক দম্পতির পথ আটকে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল বাঘমুন্ডিতে। রবিবার এই মর্মে বাঘমুন্ডি থানাতে লিখিত অভিযোগ করেন বাঘমুন্ডি থানার কালহার বাসিন্দা কারমী সরেন। ওই মহিলার দাবি, শনিবার তিনি ও তাঁর স্বামী নকুল চন্দ্র সরেন মোটরবাইকে যাচ্ছিলেন। সেসময় রাস্তায় দুজন আততায়ী তাঁদের পথ আটকায় ও তাঁদের উপর চড়াও হয়ে প্রাণঘাতী হামলা করে। ঘটনার জেরে নকুল চন্দ্র সরেনের কপালে গুরুতর আঘাত লাগে। তিনি বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগকারী মহিলা কারমী সরেনের দাবি দুই আততায়ীর মধ্যে একজনকে তিনি চিনতে পারেন। তার নাম অনিল সরেন। কালহা গ্রামেরই বাসিন্দা। তাঁর স্বামীকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই শনিবার ওই হামলা করা হয় দাবি করে রবিবার বাঘমুন্ডি থানাতে লিখিত অভিযোগ করেন কারমী সরেন।
শেয়ার করুন