নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ঃ
বিশাল আকৃতির একটি ময়াল উদ্ধার হল পুঞ্চা ব্লকের বড়াহাঁটু থেকে। এদিন সকালে স্থানীয় নিগমানন্দ আশ্রমে সবজি ক্ষেতের জালে ময়ালটিকে জড়িয়ে থাকতে দেখেন আশ্রমের লোকজন। খবর চাউর হতেই আশপাশের বহু গ্রাম থেকে সেটিকে দেখতে মানুষ দলে দলে ভিড় করতে থাকেন। খবর দেওয়া হয় পুঞ্চা বনদপ্তরে। বনকর্মীরা এসে ৮ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বিশাল ময়ালটিকে উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় পরিবেশ বিদরা মনে করছেন জঙ্গলে খাদ্যাভাব ঘটায় লোকালয়ে চলে এসেছে এই বিশাল আকৃতির সরিসৃপটি। এদিন উদ্ধার হওয়া বন্য জীবটিকে প্রাথমিক পর্যবেক্ষণের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।


