নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শুক্রবার, ১ জুলাই ২০২২ঃ
বজ্রপাতে মারা গেলেন এক মহিলা এবং আহত হয়েছেন আরো দুই মহিলা বলে বরাবাজার থানা সূত্রে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা তিনজনই মানবাজার-২ নম্বর ব্লকের কুটনি গ্রামের বাসিন্দা। বরাবাজার ব্লকের ভাগাবাঁধ অঞ্চলের ভালুক ডুঙরিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ফেরার পথে আজ তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নিহত মহিলার নাম পার্বতী সরেন, বয়স আনুমানিক ৪৫ বছর। আরো যে দুজন মহিলা আহত হন তাঁদের নাম আরতি সরেন ও রমণী সরেন। বাড়ি ফেরার জন্য টোকোরিয়া মোড়ে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনজন। সেসময়ই বজ্রপাতে দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বরাবাজার থানার পুলিশ। পার্বতী সরেনকে দ্রুত চাকলতোড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে পরীক্ষা মৃত বলে ঘোষণা করেন। আহত দুই মহিলাকে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বরাবাজার থানার পুলিশ।
শেয়ার করুন