নিজস্ব সংবাদদাতা, আড়ষা, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ

হেলমেট বিহীন এক বেপরোয়া বাইক চালককে আটক করল আড়ষা থানার পুলিশ। জানা গিয়েছে, আটক ব্যাক্তির নাম রমেশ মোদি (২৭)। বাড়ি বোকারো জেলার দুধিগাজরে। জানা গিয়েছে, গতকাল দুপুর ২ টো নাগাদ আড়ষা থানার করণডি মোড়ে নাকা চেকিং-এর ডিউটিতে ছিল পুলিশের একটি দল। সেসময় বেগুনকোদরের দিক থেকে হেলমেট বিহীন ওই ব্যক্তিকে অত্যন্ত দ্রুত গতিতে ও বেপরোয়া ভাবে বাইক চালিয়ে আসতে দেখে পুলিশ। তাকে দাঁড়াতে বললে পুলিশকে পাশ কাটিয়ে পালাতে উদ্যত হয় বাইক আরোহী। ধাওয়া করে তাকে পাকড়াও করে পুলিশ বলে দাবি। পুলিশ জানিয়েছে, বাইক আরোহীর কাছে বেপরোয়া গাড়ি চালানোর কোন সদুত্তর মেলেনি। এমনকি গাড়ির বৈধ নথি ও চালকের ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায় নি বলে জানিয়েছে পুলিশ। এরপরই বাইক সহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page