নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ

অবিলম্বে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে আজ জেলা প্রাথমিক শিক্ষা সংসদে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ ডি এল এড ঐক্য মঞ্চ। মঞ্চের পক্ষে এদিন হাতে দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান প্রার্থীরা। মঞ্চের পক্ষে কৃপাময় মাহাত, সব্যসাচী নন্দী, অনিল স্বর্ণকার, মহাদেব কুমার প্রমুখরা জানান, ২০১৪ সালে তাঁরা প্রাথমিক টেট উত্তীর্ণ ও সম্পূর্ণ ডি এল এড প্রশিক্ষিত হওয়া সত্বেও চাকরি থেকে বঞ্চিত রয়েছেন। তাঁদের দাবি, সারা রাজ্যে ২০১৪ সালের প্রায় ২ হাজারের অধিক সংখ্যক বঞ্চিত প্রার্থী রয়েছেন। তাঁদের আরো দাবি, গত ২০২০ সালের নভেম্বরে ২০ হাজার টেট উত্তীর্ণদের চাকরিতে বহালের ঘোষণা সত্ত্বেও আজও পর্যন্ত কোন সুরাহা হয়নি। এবিষয়ে পর্ষদে বারবার যোগাযোগ করেও কোন সদুত্তর মেলেনি বলে এদিন মঞ্চের পক্ষে দাবি করা হয়। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি এদিন প্রাথমিক শিক্ষা সংসদে জানানো হয় বলে জানিয়েছেন প্রার্থীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page