নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ২৭ জুলাই ২০২২ঃ

সরকারি রেশন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের জন্য কেন্দ্র সরকারের তরফে বরাদ্দ চাল ও গম মিলিয়ে বাড়তি পাঁচ কেজি খাদ্যশস্য না মেলায় আজ, (বুধবার) বলরামপুর ব্লক খাদ্য দফতরের আধিকারিককে লিখিত অভিযোগ করলেন বলরামপুর ব্লকের রুচাপ গ্রামের রেশন দোকানের উপভোক্তারা। উপভোক্তাদের অভিযোগ চলতি মাসে কেন্দ্রের তরফে চাল ও গম মিলিয়ে বাড়তি পাঁচ কেজি বরাদ্দ খাদ্যশস্য থেকে তাঁদের বঞ্চিত করেছেন রেশন দোকানের মালিক সুভাষ চন্দ্র গোপ। ঘটনার বিষয়ে রেশন দোকানের মালিক সুভাষ চন্দ্র গোপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলতি মাসে ওই বাড়তি পাঁচ কেজি খাদ্যশস্যের বরাদ্দ যোগান তিনি পান নি। তা পেলেই গ্রাহকদের মধ্যে বিতরণ করে দেবেন বলেও এদিন জানান সুভাষ বাবু। বিষয়টি নিয়ে জানতে এদিন বলরামপুর খাদ্য আধিকারিকের দপ্তরেও যাওয়া হয়। তবে ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক এদিন অফিসে না থাকায় যোগাযোগ করা যায়নি। দপ্তর সূত্রে জানা গিয়েছে, বলরামপুর ব্লকের চারটি রেশন দোকানে বাড়তি পাঁচ কেজি খাদ্যশস্য বরাদ্দ না হওয়ায় গ্রাহকদের দেওয়া সম্ভব হয় নি। বাড়তি মালের যোগান এলেই সকলকে দেওয়া হবে। তবে কেন চারটি রেশন দোকানে কেন্দ্রের দেওয়া বাড়তি খাদ্যশস্য সরবরাহ বন্ধ, তার কোন সদুত্তর এদিন পাওয়া যায় নি।

শেয়ার করুন

You cannot copy content of this page