নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ
পাওনা টাকা চাইতে গিয়ে জুটল প্রাণে মেরে ফেলার হুমকি। যা নিয়ে ওই পাওনাদার ঝালদা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, ঝালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার বাগতি পাড়ার বাসিন্দা উত্তম কুমার সুত্রধরের কাছ থেকে ২০১৯-এর ২৬ মার্চ এবং ৩ রা এপ্রিল দু দফায় ২ লক্ষ ৫৭ হাজার টাকা ধার নেন আনন্দবাজার বৈষ্ণব পাড়ার বাসিন্দা রঘুনন্দন দাস। উত্তম বাবুর দাবি, এরপর দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পেয়ে টাকা চাইতে গেলে টালবাহানা করতে থাকেন রঘুনন্দন দাস। পরে করোনা পরিস্থিতির দোহাই দিয়ে জোর টালবাহানা শুরু করেন। শুক্রবার (২ জুলাই ২০২২) ফের রঘুনন্দন দাসের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে টাকার বদলে তাঁর কপালে জোটে প্রাণে মেরে ফেলার হুমকি বলে অভিযোগ উত্তম কুমার সুত্রধরের। অভিযোগ দেনাদার রঘুনন্দন দাস ও তাঁর ছেলে অমল দাস বাড়ি থেকে লাঠিসোটা নিয়ে বেরিয়ে এসে টাকা চাইলেই উত্তমবাবুকে প্রাণে মেরে ফেলবেন বলে হুমকি দেন। এরপরই পাওনাদার উত্তম কুমার সুত্রধর ঝালদা থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
শেয়ার করুন