নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ঃ
মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মানবাজার এলাকায়। আজ সকালে মানবাজার থানার মানবাজার শহর সংলগ্ন মানবাজার-বরাবাজার রাজ্য সড়কের রাস্তার ধারে একটি গাছে এবং মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কের পাথর মহড়া এলাকায় মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা সাদা ও হলুদ কাগজের উপরে লাল কালিতে হাতে লেখা ওই পোস্টার গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মানবাজার-১ নং ব্লকের বিডিও এবং তাঁর গাড়ির চালককে হুমকি দিয়ে মাও নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো যোগ নেই বলেই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। তবে, কে বা কারা এই ধরনের পোস্টার সেটেছে, তা জানতে জোর খোঁজখবর শুরু করেছে মানবাজার থানা।


