নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ
মারধর করা, মোটরবাইক ভেঙ্গে দেওয়া ও তারপর থেকে লাগাতার হুমকির অভিযোগ উঠল বলরামপুরে। বলরামপুর থানার বাঘাডি গ্রামের বাসিন্দা সুভাষ কুমার এই মর্মে সোমবার বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, গত ৩০ জুন দুপুরে সুভাষ কুমার কালিতলাতে তাঁর শ্বশুর বাড়ি থেকে মোটরবাইকে ফিরছিলেন। সেসময় টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে বলরামপুর কিষাণ মান্ডির কাছে রাস্তার উপর তাঁকে দাঁড় করায় বাঁশগড়ের দিলীপ মাহান্তি, নির্মল মাহান্তি, শঙ্কর কুমার এবং গেড়ুয়া গ্রামের বিজয় কুমার এই চারজন। এরপর ওই চারজন সুভাষ বাবুকে মোটরবাইক থেকে নামিয়ে বেদম প্রহার করে বলে অভিযোগ। অভিযোগ, মোটরবাইকটিও ভেঙে দেয়। অভিযোগকারীর দাবি, তাঁর চিৎকারে সেদিন আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। পরে ওই চারজন অভিযুক্ত লাগাতার তাঁকে হুমকি দিয়ে যাচ্ছে বলে সোমবার বিস্তারিত ভাবে জানিয়ে বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুভাষ কুমার ।
শেয়ার করুন