নিজস্ব সংবাদদাতা, হুড়া, শনিবার, ৩০ জুলাই ২০২২ঃ
তৃণমূল পরিচালিত দলদলী গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন এক ঠিকাদার। তবে হুড়া ব্লকের অন্তর্গত দলদলী গ্রাম পঞ্চায়েতের প্রধান এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। স্থানীয় ঠিকাদার আলাউদ্দিন আনসারীর দাবি প্রতিটি কাজ করার জন্য ও বিল পাস করার জন্য প্রধান হাজার হাজার টাকা “কাটমানি” চান। “কাটমানি” না দিলে বিল ও ওয়ার্ক অর্ডার আটকে দেন তিনি। এই নিয়ে বি.ডি.ও কে লিখিত অভিযোগও জানিয়েছেন ঠিকাদার। অভিযোগ জানানোর পরই নিয়ম বহির্ভূতভাবে তিন ঠিকাদারি সংস্থাকে প্রধান ব্ল্যাকলিস্ট করে দেয় বলে জানান আলাউদ্দিন আনসারী। তিনি আরো বলেন, আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হউক এবং প্রধানের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হউক। পঞ্চায়েত প্রধান সরস্বতী বাস্কে ঠিকাদারের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জানান, যে ঠিকাদার সংস্থাগুলিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে কাজে গাফিলতি ও পঞ্চায়েত কর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে রয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ব্ল্যাকলিস্ট করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান। হুড়া ব্লকের বিডিও জানিয়েছেন অভিযোগ পেয়েছি পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

