নিজস্ব সংবাদদাতা, জয়পুর, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ
বাইক সহ এক বেপরোয়া বাইক চালককে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ। জানা গিয়েছে, সোমবার বিকেলে পুরুলিয়া-রাঁচি রাস্তার উপর ডুমুরডি মোড়ে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালকদের ধরতে জয়পুর থানার এস আই দিবাকর কুইরির নেতৃত্বে থানার একটি পুলিশ দল কর্তব্যরত ছিলেন। সেসময় তাঁরা দেখেন পুরুলিয়া থেকে ভীষণ দ্রুতগতিতে ও অত্যন্ত বেপরোয়া ভাবে বাইক চালিয়ে একজন আসছেন। পুলিশ কর্মীরা প্রথমে তাঁকে দাঁড়াতে বললে তাঁদের পাশ কাটিয়ে জোরে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করে সে। পরে চালককে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম সন্তোষ মাহত (২৫)। বাড়ি ঝালদা থানার হেঁসলাবেড়াতে। পুলিশের দাবি, ওই ব্যক্তি যেভাবে বাইক চালাচ্ছিলেন তাতে সংশ্লিষ্ট জনবহুল এলাকাটিতে যেকোন বিপদ ঘটতে পারত। তবে এইভাবে বেপরোয়া গতিতে বাইক চালানোর কোন সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। এমনকি মোটরবাইকটিরও কোন বৈধ নথিও দেখাতে পারেন নি অভিযুক্ত। এরপরই বাইক সহ ওই ব্যক্তিকে আটক করে জয়পুর থানার পুলিশ।
শেয়ার করুন