নিজস্ব সংবাদদাতা, আদ্রা, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ

গুলি ও দেশী পাইপগান সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল আদ্রা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রি সাড়ে ৯ টা নাগাদ। আদ্রা থানা সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মাকসুদ আলম ওরফে টেনিয়া, ওরফে নাকো ওরফে আনোয়ার (৪২)। বাড়ি আদ্রা থানার ডিভিসি কাঁটারাঙুনিতে। জানা গিয়েছে, ওইদিন রাত ৯ টা নাগাদ আদ্রা থানার পিএসআই মেকদাম সাবাবের নেতৃত্বে থানার একটি পুলিশ দল মোবাইল ডিউটিতে ছিলেন। সেসময় মেকদাম সাবাবের কাছে গোপন সূত্রে খবর আসে, আদ্রা-কাশীপুর রাস্তায় খরাই গ্রামের মোড়ে কোন অপরাধ মূলক অভিসন্ধি নিয়ে একজন ৪০-৪৫ বছরের ব্যক্তি ঘোরাঘুরি করছে। খবর পেয়েই টহলদারি পুলিশ দল ওই স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। রাত্রি সাড়ে ন’টা নাগাদ খরাই গ্রামের মোড় থেকে ৫০ মিটার দূরে তাকে দেখতে পায় পুলিশ। পুলিশকে আসতে দেখেই সে পালাতে উদ্যত হলে তাকে তাড়া করে খরাই গ্রামের মোড়র কাছে ধরে ফেলে পুলিশ। এত রাতে এই ফাঁকা জায়গায় সে কি কারণে ঘোরাফেরা করছে, পুলিশের বারংবার এই জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বারবার অসংলগ্ন উত্তর দেওয়ায় সন্দেহ হয় পুলিশের। এরপর তার শরীর অনুসন্ধান করে একটি ৯ ইঞ্চির উন্নত দেশী পাইপগান ও বেশ কিছু ৮ এম এম গুলিও পাওয়া যায় তার কাছ থেকে। যার কোন বৈধ নথি সে পুলিশকে দেখাতে পারেনি বলে আদ্রা থানার পুলিশের দাবি। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

You cannot copy content of this page