নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে গিয়ে নিখোঁজ হল সদ্য কৈশর উত্তীর্ণ রঘুনাথপুরের এক তরুণ। জানা গিয়েছে, তার নাম রাজু বাউরি (১৯)। বাড়ি রঘুনাথপুর থানার লছিয়াড়াতে। রবিবার সকাল ১০ টা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিশাখাপত্তনম থেকে তার সহকর্মীরা রাজুর পরিবারের সদস্যদের জানিয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার রাজুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। শীঘ্রই তাঁরা রঘুনাথপুর থানার দ্বারস্থ হবেন বলেও জানান পরিজনরা। রাজুর বাবা সুনীল বাউরি জানান, ১৫ দিন আগে সে বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে যায়। রাজুর প্রতিবেশী তথা আত্মীয় জগন্নাথ বাউরি বলেন, বিশাখাপত্তনমের পাদুরে একটি ভবন নির্মাণ সাইটে রাজু নির্মাণ শ্রমিকের কাজে নিযুক্ত ছিল। ১০ দিন সেখানে কাজও করে রাজু। তার পরিবারের সদস্যদের দাবি, বাড়ি ছেড়ে মন খারাপ লাগছে বলে শনিবার সে বাড়ি ফিরে আসারও কথা বলে। এরপর রবিবার সকাল সাড়ে ন’টা-দশটা নাগাদ একটি গামছা পরে এবং জামা গায়ে জড়িয়ে বিশাখাপত্তনমের তার আবাস থেকে বেরিয়ে যায় সে বলে তার সহকর্মীদের কাছে জানতে পারেন লছিয়াড়ায় রাজুর পরিজনেরা। এমনকি রবিবার থেকে তার মোবাইল ফোনটিও সুইচ অফ থাকায় ভীষণ চিন্তায় পড়েছেন তাঁরা। রাজুর সঙ্গে আরো দুজন একইসঙ্গে কাজ করতেন। যাদের মধ্যে একজন লছিয়াড়া গ্রামেরই বাসিন্দা। তারা দুজন রবিবার থেকেই রাজুকে চতুর্দিকে খুঁজছে বলেও রাজুর পরিজনরা এদিন জানান। সুনীল বাউরি ও জগন্নাথ বাউরি জানান, রাজুর সহকর্মীরা তাঁদের জানিয়েছেন যে, দু-চারদিন ধরেই নাকি রাজু মানসিকভাবে বিচলিত ছিল ও অসংলগ্ন আচরণ করছিল। যদিও সুনীল বাবু ও জগন্নাথ বাবু একথা মানতে নারাজ। তাঁদের দাবি, রাজুর কোন মানসিক অবসাদ বা রোগ কিছুই থাকতে পারে না। ১৫ দিন আগেই সম্পূর্ণ সুস্থ শরীরে সে বিশাখাপত্তনমে কাজে গিয়েছে বলে দাবি তাঁদের। ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় রাজুর নিখোঁজ হওয়ার ঘটনা ছড়িয়ে পড়েছে। বুধবার রাজুর পরিজনরা জানান রাজুকে খুঁজে পেতে শীঘ্রই তাঁরা রঘুনাথপুর থানার দ্বারস্থ হবেন। বিশ্বজিৎ বোরা নামের যে লেবার ঠিকাদার রাজুকে বিশাখাপত্তনমে কাজে পাঠিয়েছিলেন তাঁর সঙ্গে বুধবার কথা বলা হলে তিনি জানান, রাজুর নিখোঁজ হওয়ার খবরটা তিনি পেয়েছেন। এদিনই তিনি বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলেও জানান তিনি। ওখানে পৌঁছেই বিশ্বজিৎ বাবু বিশাখাপত্তনম পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন বলেও বলেন।

শেয়ার করুন

You cannot copy content of this page