নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, বুধবার, ৬ জুলাই ২০২২ঃ
পাওনা টাকা চাইতে গিয়ে গত একমাস ধরে নিখোঁজ নিতুড়িয়া থানার ২১ বছরের এক যুবক। এমনকি যে বাইক নিয়ে ওই যুবক পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন, পরে বরাকর জল ট্যাঙ্কির কাছ থেকে সেই বাইকটি পড়ে থাকার খবর পেয়ে সেটিও তাঁর পরিবারের সদস্যরা সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু একমাস ধরে নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যায়নি বলে সোমবার নিতুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন যুবকের মা রীতা সাউ।
জানা গিয়েছে, নিতুড়িয়া থানার আমডাঙার বাসিন্দা ২১ বছরের যুবক শম্ভু সাউয়ের কাছ থেকে ৬ লক্ষ টাকা ধার নিয়েছিল কুলটি থানার সাঁকতোড়িয়ার বাসিন্দা তথা ই সি এল-এর সিকিউরিটি কর্মী শৈবাল ধীবর। রীতা দেবীর দাবি, গত ৬ জুন সকাল ১০ টায় শৈবাল ধীবরের কাছ থেকে সেই টাকা নিয়ে আসতে যাচ্ছি বলে মোটরবাইকে যান তাঁর ছেলে শম্ভু সাউ। “কিন্তু তারপর থেকেই সে আর বাড়িতে ফেরেনি” বলে জানান রীতা দেবী। বিগত প্রায় একমাস ধরেই বিভিন্নভাবে ওই যুবকের খোঁজ করেও কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে তাঁর ছেলে নিখোঁজ হওয়ার কিছুদিন পর পারবেলিয়া আমধাওড়ার বিবেকানন্দ যাদব ওরফে সেন্টি এবং পারবেলিয়া নিউ কলোনির সঞ্জীব কুমার মাঝি ওরফে সঞ্জু তাঁকে বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর জল ট্যাঙ্কির কাছে শম্ভুর মোটর বাইকটি পড়ে থাকার খবর দেয় বলে জানান রীতা সাউ। তিনি আরো জানান, তাদের কথামত সেই স্থানে গিয়ে শম্ভুর বাইকটি দেখতেও পান এবং সেটি সেখান থেকে নিয়েও আসেন বাড়িতে। কিন্তু বাইকটি পেলেও শম্ভুর খোঁজ পাওয়া যায়নি। রীতা দেবীর অভিযোগ, দেনাদার শৈবাল ধীবর, বিবেকানন্দ যাদব ওরফে সেন্টি এবং সঞ্জীব কুমার মাঝি ওরফে সঞ্জু, তিনজন চক্রান্ত করে তাঁর ছেলেকে অপহরণ করেছে। সোমবার নিতুড়িয়া থানায় ওই তিনজনের বিরুদ্ধে তাঁর ছেলেকে অপহরণ করার অভিযোগ সহ ছেলের নিখোঁজ ডায়েরি করেন রীতা সাউ।

