নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার ৭ জুলাই ২০২২ঃ
বুধবারও করোনা সংক্রমণ একইভাবে বজায় থাকল পুরুলিয়ায়। মঙ্গলবারের মত এদিনও পুরুলিয়ায় নতুন করে সংক্রমণের শিকার ২০ জন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আরো জানা গিয়েছে, বুধবার পর্যন্ত পুরুলিয়াতে মোট অ্যাক্টিভ করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জন। এদিন পুরুলিয়ায় মোট ৩২৯ জনের করোনা পরীক্ষা করে ২০ জনের (৬.৬৯ শতাংশ) দেহে সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। যদিও সংক্রমণের তীব্রতা এখনো যথেষ্ট কম থাকায় হাসপাতালে করোনা আক্রান্তকে ভর্তি করার মত পরিস্থিতি আসেনি, তবে পরিকাঠামোগত দিক দিয়ে করোনা চিকিৎসার জন্য স্বাস্থ্য দফতর সম্পূর্ণভাবে প্রস্তুতই আছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে সদর হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ১০ টি (৫ টি মেল ও ৫ টি ফিমেল) বেড এবং হাতোয়াড়াতে ৪০ টি করোনা চিকিৎসার বেড সহ অন্যান্য পরিকাঠামোও যথেষ্ট রয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন ভাবে টিকাকরণ প্রক্রিয়াও জারি রাখা হয়েছে। মূলত স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মনে করছেন, করোনা বিধি মেনে চলার অভ্যেস হারিয়েছেন পুরুলিয়ার মানুষ। তাই পুনরায় সেই বিধি মেনে চলা এবং নিজেদের সুস্বাস্থের কথা চিন্তা করে সচেতন হয়ে সাবধান থাকার বার্তাই পুরুলিয়ার মানুষকে বারবার দিতে চাইছে জেলা স্বাস্থ্য দপ্তর।
শেয়ার করুন