নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২ঃ

শেষ পর্যন্ত বাড়ি ফিরল রঘুনাথপুর থানার লছিয়াড়ার নিখোঁজ তরুণ রাজু বাউরি। আজ, বৃহস্পতিবার সকালে রাজুর পরিজনরা জানান, বুধবার গভীর রাতে সে বাড়ি ফিরেছে। প্রসঙ্গত, ১৫ দিন আগে বিশাখাপত্তনমে কাজে যায় লছিয়াড়ার ১৯ বছরের তরুণ রাজু বাউরি। গত রবিবার সকাল থেকে বিশাখাপত্তনমের তার আবাস থেকে একটি গামছা পরে ও জামা গায়ে জড়িয়ে নিখোঁজ হয় সে বলে লছিয়াড়ায় পরিজনরা রাজুর সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন। এমনকি রবিবার সকাল থেকে তার মোবাইলটিও সুইচ অফ ছিল। রাজুর খোঁজ পেতে স্যোশাল মিডিয়ায় তার ছবি সহ প্রচার করেন পরিজনেরা। বুধবার পর্যন্ত তার খোঁজ না পেয়ে চরম উৎকন্ঠায় ছিলেন তাঁরা বলে রাজুর বাবা সুনীল বাউরি ও আত্মীয় জগন্নাথ বাউরি জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে জগন্নাথ বাবু জানান, জয়রামডিতে রাজুর মামা বাড়ি। বুধবার রাতে ৯ টা নাগাদ গামছা ও জামা পরিহিত রাজুকে আদ্রা স্টেশনে উদভ্রান্তের মত দেখতে পান জয়রামডির কিছু রাজুর পরিচিত জন। জগন্নাথ বাবু আরো বলেন, ইতিমধ্যে স্যোশাল মিডিয়া ও খবরের জেরে রাজুর নিখোঁজ হওয়ার ঘটনা জয়রামডিরও সকলের জানা ছিল। তাঁরাই বুধবার গভীর রাতে রাজুকে লছিয়াড়ায় তার বাড়িতে পৌঁছে দেন বলে জানান জগন্নাথ বাউরি। তবে রাজুর সঙ্গে তার মোবাইল ফোনটি নেই বলে পরিজনদের দাবি।

শেয়ার করুন

You cannot copy content of this page