নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ১ জুলাই ২০২২ঃ
কথায় আছে “বলরামপুরের রথ, চাকলতোড়ের ছাতা আর বরাবাজারের ইন্দ”, রাঢ় পুরুলিয়ার মানুষের কাছে উল্লেখ্য যোগ্য মেলা। পুরুলিয়ার গবেষকদের মতে, এই মেলাগুলি ধর্মীয় সীমানা ছাড়িয়ে জেলার সংস্কৃতি ও জীবনচর্চার সঙ্গে মিশে মিলন মেলাতে রূপান্তরিত হয়েছে। গত দুবছর বছর করোনা মহামারির দাপটে এই মেলাগুলিতে সেরকম মানুষের সমাগম হয়নি। তবে করোনা বিধির এবছর কড়াকড়ি কম। তাই আজ বলরামপুরের রথযাত্রা দেখতে কাতারে কাতারে ভিড় করলেন মানুষ। বলা যায় জন প্লাবন দেখা গেল বলরামপুরের পথে। জানা গিয়েছে, বলরামপুরের এই রথযাত্রা ৯৯ বছরে পদার্পণ করলো। পরের বছর শতবর্ষে পড়বে মেলাটি। নব্বই দশকেরও বেশি সময় আগে পুরী ধাম থেকে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে এনে প্রতিষ্ঠা করেছিলেন বলরামপুরের মাঝি পরিবার। সেই থেকেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রীতিনীতি মেনেই নিয়মিত পূজার্চনা, ও প্রতি বছর রথযাত্রা হয়ে আসছে।




