নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ
বকেয়া বেতনের দাবিতে পুরুলিয়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা গেটে তালা ঝুলিয়ে বসে পড়লেন গেটের সামনে। সোমবার এই দৃশ্য দেখা গেল পুরুলিয়া পৌরসভায়। এদিন সকালে ডিউটিতে আসার পর পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে ওই বিভাগের গেটে তালা লাগিয়ে বাইরে বসে পড়েন। যদিও ঘন্টা দুয়েকের মধ্যেই পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি তাঁদের সঙ্গে বৈঠক করে কর্মীদের বেতনের বিল পাশ করে অ্যাকাউন্টস বিভাগে পাঠিয়ে দেন বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। এরপরই নিজেদের ধর্মঘট তুলে তালা খুলে কাজে যোগ দেন কর্মীরা।
প্রসঙ্গত, গত মে এবং জুন মাসের বেতন বকেয়া রয়েছে তাঁদের বলে পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা এদিন দাবি করেন। পুরুলিয়া পৌরসভার স্বাস্থ্য বিভাগে প্রায় ৫০ জনের মত অস্থায়ী কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। কর্মীদের মধ্যে অরুণ কুমার মিত্র, সিদ্ধার্থ বাউরি, বলরাম সুত্রধর প্রমুখরা এদিন বলেন, দুমাসের বেতন তাঁদের বাকি রয়েছে। বেতন না পেয়ে চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরা বলে জানান অরুণ কুমার মিত্র। শম্ভু সুত্রধর, সমীর কবিরাজ প্রমুখরা বলেন, করোনা কালে আমরা বিপদকে সঙ্গী করে সব সামলেছি। সারা বছর ম্যালেরিয়া, ডেঙ্গি, ফাইলেরিয়া, ডায়রিয়া ইত্যাদি যেকোন পরিস্থিতির মোকাবিলা করি আমরাই। অথচ আমরাই বেতন থেকে বঞ্চিত থেকে যাচ্ছি। অরুণ বাবু বলেন, প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে আমাদের বেতনের দাবিও আমরা জানাচ্ছি পৌর কর্তৃপক্ষকে। তবে দু ঘন্টার মধ্যেই এদিন কর্মীদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন পৌর প্রধান নবেন্দু মাহালি। পৌরসভা সূত্রে খবর, কিছু তথ্যগত সমস্যার কারনে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে এদিনই কর্মীদের বকেয়ার বিল পাশ করে দিয়েছেন পৌরপ্রধান।


