নিজস্ব সংবাদদাতা, কাশীপুর, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ঃ

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ কাশীপুরের গৌরাঙ্গডি পঞ্চায়েত প্রধান ও তালাজুড়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসারকে ডেপুটেশন দিল সিপিআইএম-এর কাশীপুর পূর্ব এরিয়া কমিটি। এদিন কমিটির সদস্যরা এলাকায় একটি মিছিলও করেন। উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কাশীনাথ ব্যানার্জী, প্রাক্তন বিধায়ক সুরেন্দ্রনাথ মাঝি, এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার, কৃষক সভার নেতা অরুনোদয় ব্যানার্জী প্রমুখরা। মূলত, অবিলম্বে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান, প্রকৃত গৃহহীনদের আবাস যোজনায় তালিকাভুক্ত করে গৃহ প্রদান, অবিলম্বে স্থানীয় এলাকার বেহাল রাস্তাঘাটের সংস্কার সহ একগুচ্ছ দাবি এদিন গৌরাঙ্গডি পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে বলে এরিয়া কমিটির পক্ষে জানা গিয়েছে। এছাড়াও তালাজুড়ি স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘন্টা পরিষেবা চালু, স্বাস্থ্য কেন্দ্রে যথেষ্ট সংখ্যায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী বহাল, কেন্দ্রের পরিকাঠামো সংস্কার সহ একাধিক দাবিতে এদিন তালাজুড়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসারকেও দাবিসনদ পেশ করা হয় বলে জানিয়েছেন এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার।

শেয়ার করুন

You cannot copy content of this page