নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ঃ
আইসিডিএস কেন্দ্রে শিশুদের খাবারের সঙ্গে ডিম না দেওয়ার অভিযোগে মঙ্গলবার বাঘমুন্ডির সপা আইসিডিএস কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। নিম্নমানের খাবার দেওয়ার পাশাপাশি আইসিডিএস কর্মীরা নিয়মিত আসেন না বলেও এদিন অভিযোগ করেন স্থানীয় বিক্ষোভকারীরা। এমনকি সরকারি কর্মীরা নিজেরা না এসে ‘ভাড়াটে কর্মী’ নিযুক্ত করে আইসিডিএস কেন্দ্রের রান্না এবং খাবার বিলি করার কাজ চালাচ্ছেন বলেও মহিলাদের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনাও ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছান সুইসা ফাঁড়ির পুলিস এবং বাঘমুন্ডির বিডিও। তাঁরা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি আয়ত্বে আসে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই আইসিডিএস কেন্দ্রের কর্মী।
শেয়ার করুন