নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ঃ
২১ জুলাই কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ। সেই উদ্দেশ্যে দলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষেও জেলাজুড়ে চলছে প্রস্তুতি সভা। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং-এর নেতৃত্বে পারবেলিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রাঙ্গণে আজ একটি প্রস্তুতি সভা করে তৃণমূলের কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সোদপুর এরিয়া কমিটি। নিজের বক্তব্যে এদিন বিধায়ক হরেরাম সিং বলেন, পারবেলিয়া কোলিয়ারি কর্তৃপক্ষ শ্রমিকদের কথা চিন্তা না করে কোলিয়ারির কাজ বন্ধ করার পরিকল্পনা করছে। সংস্থার এম ডি-র সঙ্গেও তাঁর শ্রমিক স্বার্থে সদর্থক উপায় করার বিষয়ে কথা হয়েছে বলেও এদিন জানান শ্রী সিং। কর্তৃপক্ষকে ১৫ তারিখ পর্যন্ত তিনি সময়ও দিয়েছেন বলে উল্লেখ করেন। শ্রমিক স্বার্থে কর্তৃপক্ষ অবিলম্বে কোন সদর্থক পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামার জন্য এদিন তিনি উপস্থিত কর্মী সমর্থকদের আহ্বানও জানান জামুড়িয়ার বিধায়ক।



