নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, বুধবার, ১৩ জুলাই ২০২২ঃ
তিন মাস ধরে নিখোঁজ থাকা এক নাবালককে বিহারের পাটনা থেকে উদ্বার করে তাকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল নিতুড়িয়া থানার পুলিশ। আজ উদ্ধার হওয়া ওই নাবালককে প্রথমে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তারপরই তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ভোর তিনটে নাগাদ নিজের বাড়ি থেকে নিখোঁজ হয় নিতুড়িয়া থানার আমডাঙার বাসিন্দা ১৫ বছরের সীতাংশু সিং। সে পারবেলিয়া হিন্দী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। পেশায় দোর্জি সীতাংশুর বাবা টুনটুন সিং জানিয়েছেন, কোনদিনই তাঁর ছেলের লেখাপড়ায় তেমন আগ্রহ ছিল না। বাইরে বাইরে ঘুরে বেড়াত বেশি। এরপর গত ৭ এপ্রিল ভোর ৩ টা নাগাদ বাড়ি থেকে আচমকাই সে নিখোঁজ হয়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে প্রথম কয়েকদিন আত্মীয় পরিজন ও পরিচিতদের কাছে খোঁজ চালান পরিবারের সদস্যরা। পরে ১২ এপ্রিল নিতুড়িয়া থানার দ্বারস্থ হন তাঁরা। নিখোঁজ সীতাংশুকে খুঁজতে জোর তদন্তে নামে পুলিশ। অবশেষে পুলিশি তদন্তে সাফল্য আসে। তদন্তে নেমে নিতুড়িয়া থানার পুলিশ জানতে পারে আমডাঙার নিখোঁজ সীতাংশু বিহারের পাটনায় একটি হোটেলে কাজ করছে। যোগাযোগ করা হয় পাটনা পুলিশের সঙ্গেও। গত ১১ তারিখ, সোমবার সীতাংশুর বাবা টুনটুন বাবুকে সঙ্গে নিয়েই পাটনা রওনা দেয় নিতুড়িয়া থানার পুলিশের একটি দল। ১২ তারিখ, মঙ্গলবার রাত্রে নিখোঁজ নাবালককে সাথে নিয়ে নিতুড়িয়া থানায় ফিরে আসা হয়। আজ প্রথমে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় নাবালককে। এরপরই তার পরিবারের সদস্যদের হাতে সীতাংশুকে তুলে দেয় পুলিশ। তিন মাস ধরে নিখোঁজ থাকা ছেলেকে খুঁজে পেয়ে এদিন চোখের জল ধরে রাখতে পারেন নি ওই নাবালকের পরিজনরা। নিতুড়িয়া থানার পুলিশের এদিন ভূয়সী প্রশংসা করেন সীতাংশুর বাবা টুনটুন সিং।

