নিজস্ব সংবাদদাতা, টামনা (পুরুলিয়া), বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

অবৈধ নদীর বালি সহ দুটি ট্রাক্টর ও দুই চালককে আটক করল টামনা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। ওইদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে একপ্রকার ধাওয়া করে ওই দুটি বালি বোঝাই ট্রাক্টরকে চালক সহ আটক করা হয় বলে টামনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুটি ক্ষেত্রেই বোঝাই করা বালির কোন বৈধ নথিও চালকেরা দেখাতে পারে নি বলে দাবি পুলিশের। ট্রাক্টর দুটির প্রতিটিতেই ১০০ সিএফটি করে নদীর বালি বোঝাই করা ছিল বলেও পুলিশের দাবি। পুলিশ সূত্রে খবর, ওইদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ ফতেপুর গ্রামের কাছে চালক সহ অবৈধ নদীর বালি বোঝাই একটি ট্রাক্টরকে আটক করে পুলিশ। বোঝাই করা বালির কোন বৈধ নথি দেখাতে না পারায় বারাকডি গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক পাকড়াশি সিং সর্দার (২৪) সহ বালি বোঝাই ট্রাক্টরটি আটক করে পুলিশ। পরে ওইদিনই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ টামনা থানার কাঁড়ামারা গ্রামের কাছে একপ্রকার ধাওয়া করে অবৈধ বালি বোঝাই অপর ট্রাক্টরটিকে চালক সহ আটক করা হয়। জানা গিয়েছে, দ্বিতীয় ট্রাক্টরটির চালকের নাম সঞ্জয় মাহাত (২৫)। বাড়ি বারাকডিতে। উভয় ক্ষেত্রেই ট্রাক্টর দুটি বারাকডি নদীঘাট থেকে নদীর বালি তুলে অবৈধভাবে বালির কারবার করছিল বলে পুলিশের দাবি।

শেয়ার করুন

You cannot copy content of this page