নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

৮৭ বোতল অবৈধ কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে ওই ব্যক্তির কাশির সিরাপের অবৈধ কারবারের খবর পেয়ে মঙ্গলবার রাত ৮ নাগাদ অভিযান চালিয়ে হাতেনাতে বামাল গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জয় কর্মকার (৫০)। বাড়ি ঝালদা থানার স্কুল মোড়ে (মসিনা)।

ঝালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৭ টা নাগাদ মোবাইল ডিউটিতে থাকা পুলিশ দলের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আনন্দবাজারে বিশ্বকর্মা লেড অ্যান্ড ওয়েল্ডিং দোকানে বিপুল সংখ্যায় কাশির সিরাপ অবৈধভাবে মজুত করেছে ধৃত সঞ্জয় কর্মকার। খবর পেয়েই অভিযান চালায় টহলদারি পুলিশ দলটি। পুলিশি অভিযানে ৮৭ বোতল অবৈধ কাশির সিরাপ সহ ধৃতকে আবিস্কার করে পুলিশ। পুলিশের দাবি, মজুত করা কাশির সিরাপের কোন বৈধ নথিও দেখাতে পারে নি ধৃত সঞ্জয় কর্মকার। জানা গিয়েছে ভারতীয় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইনের ১২৭ নম্বর ধারা অনুযায়ী বৈধ নথি ছাড়া এই সিরাপের কারবার দন্ডনীয় অপরাধ। ১০০ মিলিমিটারের এই সিরাপের বোতলের প্রতিটির বাজার দর ১৫৪. ৫০ টাকা করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, পুলিশি জেরায় ধৃত সঞ্জয় কর্মকার নিজের দোষ স্বীকার করে নেয়। এরপরই তাকে বামাল গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page