নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ
এসইউসিআইসি-র কৃষক সংগঠন সারা ভারত কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে আজ একগুচ্ছ দাবি জানিয়ে জেলা শাসক দপ্তরে দাবিসনদ পেশ করা হয়। মূলতঃ সার, বীজ ও কীটনাশকের কালোবাজারি বন্ধ করা, জমির মিউটেশন সংক্রান্ত বিষয়ে দুর্নীতি বন্ধ করা, পুরুলিয়া জেলার খরা পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী সমাধান, কৃষিজীবিদের জন্য এমজিএনআরজিএ প্রকল্পে কাজের ব্যবস্থা সহ প্রায় ৬ দফা দাবিতে এদিন ডেপুটেশন দেয় এই বামপন্থী কৃষক সংগঠন। এদিন নীলকুঠীডাঙার দলীয় কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে যান সংগঠনের কর্মী সমর্থকরা। এসইউসিআইসি-র কৃষক সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক রঙ্গলাল কুমার বলেন, পুরুলিয়া জেলাতে কৃষিজীবিদের একমাত্র ভরসা বৃষ্টিপাত। কম বৃষ্টিপাত হলেই খরার দাপট দেখতে পাওয়া যায় জেলাজুড়ে। ফলে কৃষকদের চরম সঙ্কটের মধ্যে পড়তে হয়। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরেই কৃষক স্বার্থে প্রশাসন তথা সরকারের কাছে জেলার খরা সমস্যার মোকাবিলায় স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছি। রঙ্গলাল কুমার ছাড়াও এদিন মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সোমনাথ কৈবর্ত্য, দলের কৃষক সংগঠনের জেলা সভাপতি সীতারাম মাহাত প্রমুখরা।


