নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ৯ আগষ্ট ২০২২ঃ

রাস্তা নির্মাণের তহবিল আত্মসাতের অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। গতকাল, সোমবার ঘটনাটি ঘটেছে ঝালদা-২ ব্লকের রিগিদ পঞ্চায়েতের অন্তর্গত কাড়িওর গ্রামের পি সি সি ঢালাই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে। এম জি এন আর ই জি এ প্রকল্পের অধীন কাড়িওর শিব মন্দির থেকে জাটা নদী পর্যন্ত ঢালাই রাস্তার কাজ সম্পূর্ণ না করেই টাকা আত্মসাৎ করা হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বাসিন্দাদের মধ্যে শ্রীমন্ত মাহাত, সাকরা সিং মুড়া, মদন সরেন, আশারাম মাঝি, রোহিন মাহাত প্রমুখরা বলেন, রাস্তাটি নির্মাণের জন্য ৪০ লক্ষ ১৬ হাজার ৭০৬ টাকা বরাদ্দ করা হয়েছিল। বোর্ডেও তেমনই উল্লেখ রয়েছে। কিন্তু কাড়িওর শিব মন্দির থেকে কাজ শুরু হলেও মাত্র কয়েক কিলোমিটার কাজ করেই রাস্তা নির্মাণ বন্ধ করে দেওয়া হয়। তাই রাস্তা নির্মাণ না করেই সরকারি বরাদ্দ টাকার বাকি অংশ পঞ্চায়েত আত্মসাৎ করেছে বলে তাঁরা মনে করছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা। যদিও টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা মোহিবালা মাঝি। তিনি বলেন, তহবিলে যা টাকা ছিল, তার কাজ করা হয়েছে। বাকি টাকা এলেই অবশিষ্ট কাজ সম্পূর্ণ হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page