নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বুধবার, ১০ আগষ্ট ২০২২:

দীর্ঘদিন বাদে আবার তলব সিবিআই-এর। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় আজ সেখানকার অস্থায়ী ক্যাম্পে চার প্রত্যক্ষদর্শী তথা মৃত কাউন্সিলরের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল সিবিআই। তলব মত এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজির হন সুভাষ গরাই, সুভাষ কর্মকার, যাদব রজক ও প্রদীপ চৌরাসিয়া। জানা গিয়েছে, এর আগেও এই চারজনকে কয়েকবারই তলব করেছে সিবিআই। তবে দীর্ঘদিন বাদে আবার কেন তলব, এদিন সকাল থেকেই ঝালদার আনাচেকানাচে এনিয়েই ছিল বিস্তর জল্পনা। সূত্রের খবর, ঘটনার দিন, অর্থাৎ গত ১৩ মার্চ মৃত কাউন্সিলরের সঙ্গেই ছিলেন তাঁর এই চার বন্ধু। এদিন প্রায় তিন ঘন্টা সিবিআই জেরার শেষে অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে এসে প্রদীপ চৌরাসিয়া জানান, বৃহস্পতিবার (১১ আগষ্ট) জেলা আদালতে মামলার তারিখ রয়েছে। আমাদের উপস্থিত থাকতে হবে। সেবিষয়ে আলোচনার উদ্দেশ্যেই এদিন ডাক পড়েছিল তাঁদের বলে জানান প্রদীপ বাবু। তবে প্রদীপ বাবু যাই বলুন, এইটুকু আলোচনার কারণে তিন ঘন্টার জেরা কেন, এনিয়ে নানান রহস্য দানা বেঁধেছে ঝালদাবাসীর মনে।

শেয়ার করুন

You cannot copy content of this page