নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ
একেবারে ভগ্নপ্রায় বাড়িতে দীর্ঘদিন যাবৎ একাকী বসবাস করছেন এক বৃদ্ধা। ছেলেরা ঝাড়খণ্ড রাজ্যে খাবার হোটেলে কাজকর্ম করেন। বৃদ্ধা বিমলা সিং মুড়ার দাবি “কেউ দেখতেও আসে না তারা”। এদিকে বাঘমুন্ডি ব্লকের সুইসা-তুনতুড়ি পঞ্চায়েতের অন্তর্গত তিরুলডি গ্রামের বাসিন্দা বিমলা দেবীর বাড়িটির এমনই ভগ্নদশা যে, যেকোনো সময় দেওয়াল চাপা পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি একথা স্বীকার করছেন ওই বৃদ্ধার প্রতিবেশী গ্রামবাসীরাও। বিমলা দেবীর বক্তব্য, সরকারি আবাস যোজনায় একটি বাড়ির আবেদন নিয়ে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধান পর্যন্ত গিয়েছেন সকলের দুয়ারেই। কিন্তু সরকারি ঘরের পরিবর্তে জুটেছে কেবল আশ্বাস, অভিযোগ বৃদ্ধার। তবে বৃদ্ধ পেনশন ও রেশনের সামগ্রী যে তিনি পেয়ে থাকেন, সেকথাও স্বীকার করতে ভোলেন নি বিমলা সিং মুড়া। নিতান্তই আক্ষেপের সুরে তাঁর বক্তব্য, “আমি গরীব বলেই আমার আবেদনে কেউ সাড়া দেয় নি”। জীবনের শেষ প্রান্তে এসে তিনি একটি সরকারি আবাসের অপেক্ষায় দিন গুনছেন। বলেন, “দেওয়াল চাপা পড়ে মরতে চাই না”।


