নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ৩১ আগষ্ট ২০২২ঃ

মারা গেলেন পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের দোর্জি পাড়ার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দাস কর্মকারের স্ত্রীও। প্রসঙ্গত, রবিবার দুপুরে পূর্ব পরিচিতির সুযোগ নিয়ে দুই কাঠ মিস্ত্রি দোর্জি পাড়ার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে টাকা লুঠের অভিপ্রায় নিয়ে ঢোকে বলে পুলিশ সূত্রে খবর। লুঠ করতে ঢুকে বাড়ির পরিচারিকা পার্বতী বাদ্যকরের কাছে বাধা পেয়ে ওই পরিচারিকাকে খুন করে ওই দুই দুষ্কৃতি। পরে ব্যবসায়ীর স্ত্রী নন্দিতা দাস কর্মকারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করার পাশাপাশি সিঁড়ি থেকে তাঁকে ঠেলে ফেলে দেয় দুষ্কৃতীরা। আঘাতে অচৈতন্য অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকেন ওই গৃহবধূ। এরপর তাঁদের বাড়ির আরেক পরিচারিকা এবং ব্যবসায়ীর মেয়ের চিৎকারে লুঠে বাধা পেয়ে ছুটে পালায় দুই দুষ্কৃতি। গুরুতর আহত গৃহবধূকে দুর্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ম়ত পরিচারিকার দেহ ঘটনাস্থলে থেকে উদ্ধার করে পুলিশ। মাত্র ১২ ঘন্টার মধ্যেই পুলিশ ওই দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, তাদের নাম ভিকি শর্মা ওরফে গলু ও রাকেশ কুমার রজক। প্রথম জনের বাড়ি সাধুডাঙায় অপর জন মফস্বল থানার দুবচড়কার বাসিন্দা। ওই ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, দুর্গাপুরের হাসপাতালে কোমায় রয়েছেন ৫২ বছরের গৃহবধূ। গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের হাসপাতালেই মৃত্যু হয় আহত নন্দিতা দাস কর্মকারের বলে জানা গিয়েছে। আজ তাঁর দেহের ময়নাতদন্তও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ওই দুই অভিযুক্তকে পরশু, সোমবারই আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page