নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ

এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক ব্যক্তি। আজ, শনিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের দুলগুবেড়া গ্রামে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের বাসিন্দা অজিত হাঁসদা (৪০) ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। আচমকাই সে গ্রামেরই রামসিং হাঁসদাকে ওই অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করে বলে দাবি স্থানীয়দের। আঘাতের জেরে মাটিতে লুটিয়ে পড়েন রামসিং। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঘমুন্ডি থানার পুলিশ। আহতকে উদ্ধার করে পাথরডি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহতকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত অজিত হাঁসদা মানসিক ভারসাম্যহীন। তবে ঠিক কি কারণে এই হামলা তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page