নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ
বিজ্ঞানমনস্কতার প্রসার সহ একগুচ্ছ দাবি নিয়ে আজ মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশন থেকে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করল ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। মূলতঃ, ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর নামে অবৈজ্ঞানিক ও কাল্পনিক বিষয়কে পাঠ্যক্রম থেকে বাতিল করা, সংবিধানের ৫১ (এ) ধারা অনুযায়ী বিজ্ঞানমনস্কতার প্রসার করার পাশাপাশি ভ্রান্ত ও কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণার প্রসার বন্ধ করা,
কেন্দ্রীয় বাজেটের ১০ শতাংশ এবং রাজ্য বাজেটের ৩০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করা, বিশ্ব উষ্ণায়ন রোধে এবং প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করা, দেশের প্রাকৃতিক সম্পদকে নির্বিচারে মুনাফালোভী কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা, অবিলম্বে় জেলার স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে বিজ্ঞান বিভাগ গুলি সচল রাখা ইত্যাদি একগুচ্ছ দাবি নিয়ে এদিন সোসাইটির সদস্যরা পদযাত্রা করেন। সারা দেশেই এদিন “ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স” শীর্ষক এই পদযাত্রার কর্মসূচি ছিল বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন, সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ডঃ সুবল চন্দ্র দে, সোসাইটির পুরুলিয়া জেলা কমিটির সভাপতি তথা লক্ষণপুর ওয়াই এস এস কে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাত প্রমুখরা। এদিনের পদযাত্রায় বৈজ্ঞানিকদের ছবি ও নানান প্ল্যাকার্ড হাতে শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষাকর্মীরা অংশগ্রহন করেন।



