নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শনিবার ১৩ আগষ্ট ২০২২ঃ

মদ্যপ স্বামীর মারধর সহ্য করতে না পেরে শিশু সন্তান সহ ঘরছাড়া গৃহবধূকে বাড়ি ফেরালো আনাড়া আর পি এফ থানার পুলিশ। আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাড়া থানার অন্তর্গত ইতাকড়ার বাসিন্দা ওই গৃহবধূর নাম পূজা সিং (২৩)। ঘটনার বিবরণে জানা গিয়েছে আজ (শনিবার) সকাল ১১ টা নাগাদ আনাড়া স্টেশনের প্ল্যাটফর্মের একটি বেঞ্চিতে বসে এক গৃহবধূকে কান্নাকাটি করতে দেখেন কর্তব্যরত রেল পুলিশ। ওই গৃহবধূর সঙ্গে একটি শিশুও ছিল। কেন তিনি স্টেশনে বসে কান্নাকাটি করছেন, তা জানতে চান পুলিশ কর্মীরা। উত্তরে ওই গৃহবধূ জানান, আগের দিন রাতে তাঁর স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে এসে তাঁকে মারধর করেছেন। প্রায় প্রতিদিন রাতেই বাড়ি ফিরে তাঁর মদ্যপ স্বামী তাঁকে মারধর করেন বলেও ওই গৃহবধূ জানান। গৃহবধূ পুলিশকে আরো বলেন, প্রতিদিনের মারধর সহ্য করতে না পেরেই নিজের শিশু সন্তান সহ তিনি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন। এরপরই সন্তান সহ ওই গৃহবধূকে আর পি এফ পোস্টে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে গৃহবধূর পরিচয়ও জানতে পারে পুলিশ। জানা গিয়েছে, গৃহবধূর স্বামীর নাম মনিষ সিং। বাড়ি পাড়া থানার ইতাকড়ায়। আনাড়া রেল পুলিশের তরফে গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়িতে খবর পাঠানো হয়। এদিন দুপুর ২ টো নাগাদ আনাড়া আর পি এফ থানায় এসে পৌঁছন গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ি। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগের দিন রাতে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল বলেও দোষ স্বীকার করেন মনিষ সিং। এরপর সব বিষয়ে নিশ্চিত হয়ে সন্তান সহ ওই গৃহবধূকে তাঁদের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। এদিন বাড়ির বধূকে ফিরে পেয়ে রেল পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page