নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, বুধবার, ২ আগস্ট ২০২২ঃ
হাতির হানায় মৃতের পরিবারের বাড়ি গিয়ে রাজ্য সরকারের ক্ষতিপূরণের চেক তুলে দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। সম্প্রতি অযোধ্যার জাহেরঘুটু এলাকায় মহিষ চরাতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় তথে হাঁসদার। মৃত ৬৫ বছরের বৃদ্ধ তথে হাঁসদার বাড়ি রায়ঘরাতে। ঘটনার পরদিনই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। পরিবারের সদস্যদের সেদিন আর্থিক সাহায্যের পাশাপাশি সবরকমভাবে তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন বিধায়ক। বনদপ্তরের পক্ষেও জানান হয়েছিল আইনানুগভাবে সাহায্য করা হবে।
আজ, বুধবার অযোধ্যার রায়ঘরাতে মৃত তথে হাঁসদার বিধবা স্ত্রী সুমিয়া হাঁসদার হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণের প্রথম কিস্তির ৩ লক্ষ ৭৫ হাজার টাকার চেক তুলে দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। সভাপতি ও বিধায়ক এদিন জানান খুব শীঘ্রই ক্ষতিপূরণের দ্বিতীয় কিস্তিতে আরো ১ লক্ষ ৭৫ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন রায়ঘরাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া বন দফতরের আধিকারিক দেবাশিস শর্মা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বও। ক্ষতিপূরণের টাকা পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।




