নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ৩ আগস্ট ২০২২ঃ
১৩ দফা দাবি নিয়ে বলরামপুর বাঁশগড় হাঁসপাতালে অবস্থান বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। এদিন দুপুর ১১টা নাগাদ হাসপাতাল চত্বরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বলরামপুর ব্লকের সদস্যরা নিজেদের দাবি নিয়ে শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত, অবিলম্বে বকেয়া ইন্সেন্টিভ প্রদান, ফিক্সড ভাতার বৃদ্ধি ও স্বাস্থ্য কর্মীর মর্যাদা প্রদান, করোনা কালে ডিউটির জন্য কর্মীদের জন্য বরাদ্দ মাসিক ১ হাজার টাকা করে মজুরি প্রদান, অবিলম্বে কোভিড আক্রান্ত আশা কর্মীদের ঘোষিত ১ লক্ষ টাকা করে অনুদান প্রদান, কর্মরত অবস্থায় কর্মীর মৃত্যুতে অবসরকালীন ঘোষিত ৩ লক্ষ টাকা মৃতের পরিবারকে প্রদান সহ প্রায় ১৩ দফা দাবি নিয়ে এদিন বলরামপুর ব্লকের আশা কর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। বাঁশগড় হাসপাতালে বিএমওএইচ-কে এদিন দাবিসনদ পেশ করা হয় বলেও আশা কর্মী সংগঠনের তরফে জানানো হয়েছে।

