নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১ অক্টোবর ২০২২ঃ

পুরুলিয়া জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকার জেলার সেরা পুজোগুলিকে আজ বিশ্ব বাংলা শারদ সম্মানে পুরস্কৃত করল। এদিন বিকেলে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সভাগৃহে জেলার সেরা পুজোগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত থাকলেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনের কর্তারা। এদিন মূল চারটি বিভাগে ভাগ করে পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগেই তিনটি করে পুজোকে বেছে নেওয়া হয়েছে। জেলার সেরা পুজোর সম্মান পেল নিতুড়িয়া ব্লকের দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন দুর্গা পুজো, এই ব্লকেরই ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গা পুজো এবং পুরুলিয়া শহরের হুচুক পাড়া সর্বজনীন দুর্গা পুজো। মন্ডপ সজ্জায় জেলার সেরা হয়েছে ঝালদা নামোপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি, মানবাজারের ইন্দকুঁড়ি সর্বজনীন দুর্গোৎসব এবং নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া কোলিয়ারির দুর্গা পুজো। এবছর সেরা প্রতিমার সম্মান পেয়েছে নিতুড়িয়া ব্লকের সরবরি সর্বজনীন দুর্গোৎসব এবং পুরুলিয়া শহরের দুটি পুজো, সদর পাড়া দুর্গা পুজো কমিটি ও শরৎ সেন কম্পাউন্ড সর্বজনীন দুর্গা পুজো। সমাজ সচেতনতার প্রচারে যে তিনটি মন্ডপের সাজসজ্জা এবার সেরার সম্মানে সম্মানিত হয়েছে সেগুলির প্রতিটিই পুরুলিয়া শহরের পুজো। পুরুলিয়া শহরের দুলমি সর্বজনীন দুর্গোৎসব, তেলকলপাড়া ষোলোআনা দুর্গা পুজো এবং রেনী রোড দেবীমেলা সর্বজনীন দুর্গা পুজো।

শেয়ার করুন

You cannot copy content of this page