নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ঃ

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন জেলার চার জন শিক্ষাকর্মী। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দা থানার অন্তর্গত বালকডি কে বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার মাহাত, সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক প্রদীপ্ত ব্যানার্জি ও বীরবল সাহা এবং রামকৃষ্ণ মাহাত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডঃ বিবেক চক্রবর্তীকে এবছরের শিক্ষারত্ন সম্মান দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সোমবার, শিক্ষক দিবসে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মেধাতালিকায় অন্তর্ভুক্ত জেলার ২০ জন কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই বেলা ১২ টা নাগাদ পুরুলিয়া জেলাশাসকের কনফারেন্স হলে ভিডিও কনফারেন্সে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই জেলা প্রশাসনের তরফে জেলার এই চারজন শিক্ষাকর্মীকে “শিক্ষারত্ন সম্মাননা” জ্ঞাপন করা হবে। আরো জানা গিয়েছে, ওইদিনই জেলার ২৩ টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছেও মুখ্যমন্ত্রী প্রেরিত “বিশেষ শুভেচ্ছা বার্তা” পৌঁছে দেবে পুরুলিয়া জেলা প্রশাসন।

শেয়ার করুন

You cannot copy content of this page