নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ঃ
“রক্তরেণু” ও ভামুরিয়া যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে গতকাল, শুক্রবার গোটা অঞ্চলের মানুষ স্মরণ করলেন সদ্য প্রয়াত সমাজসেবী বংশীধর দাশগুপ্তকে। সুনুড়ি গ্রামের বাসিন্দা বংশীধর দাশগুপ্ত গত পরশু ইহলোক ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর। নিতুড়িয়া ও সাঁতুড়ি ব্লকে তিনি একজন বিশিষ্ট সমাজসেবী হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সরবড়ি মোড়ে সদ্য প্রয়াত সমাজসেবীকে শ্রদ্ধা জানাতে যৌথভাবে একটি স্মরণসভার আয়োজন করে রক্তরেণু ও ভামুরিয়া যুব কল্যাণ সমিতি। প্রয়াত বংশীধর দাশগুপ্তর প্রতিকৃতিতে মাল্যদান করে এদিন তাঁকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন গোটা অঞ্চলের প্রায় শতাধিক মানুষ।

