নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ঃ

১৭ বছরের নাবালিকাকে এলাকারই একজন অপহরণ করে বলে গত আগষ্ট মাসের ১২ তারিখ ওই নাবালিকার বাবা আনাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল সেই নাবালিকাকে আনাড়া প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে আনাড়া থানার তদন্তকারী অফিসারদের হাতে তুলে দেয় আনাড়া আরপিএফ থানার পুলিশ। আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে আনাড়া স্টেশনের প্ল্যাটফর্মের শেষপ্রান্তে এক ১৬/১৭ বছরের নাবালিকাকে উদ্ভ্রান্ত ও অপ্রকৃতিস্থ অবস্থায় বসে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত রেল পুলিশের। নাবালিকার সঙ্গে কথা বলা হলে ওই নাবালিকা তার নাম ও বাড়ির ঠিকানা রেল পুলিশ কর্মীদের জানায়। নাবালিকা আরো বলে, বাগালিয়া টোলা দুর্গাসিংডির বাসিন্দা সে। বাড়ির লোকেরা তাকে জোর করে বিয়ে দিতে চায়। কিন্তু সে এখুনি বিয়ে করতে ইচ্ছুক নয়। লেখাপড়া করতে চায়। তাই সে বাড়ি থেকে পালিয়েছে বলে জানায় নাবালিকা। এরপরই তাকে আনাড়া আরপিএফ পোস্টে নিয়ে আসা হয়। খাবার খাওয়ানো হয়। যোগাযোগ করা হয় জিআরপিএস আনাড়া থানার পুলিশ ও আদ্রা চাইল্ড লাইনের সঙ্গে। রেল পুলিশের মেসেজ ছড়াতেই আনাড়া থানার কাছ থেকে খবর আসে, গত আগষ্ট মাসের ৯ তারিখ ওই নাবালিকাকে বাগালিয়ারই এক ব্যক্তি অপহরণ করে বলে অভিযোগ। এমনকি ১২ আগষ্ট নাবালিকার বাবা এই মর্মে আনাড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে রেল পুলিশ জানতে পারে। এরপরই রেল পুলিশের মহিলা কর্মীরা ওই নাবালিকার সঙ্গে কথা বললে সত্য উদ্ঘাটিত হয় বলে জানা গিয়েছে। পুলিশ জানতে পারে রাঁচি থেকে সে পালিয়ে এসেছে। রেল পুলিশকে সে আরো জানায়, সে আত্মহত্যার পরিকল্পনা নিয়ে এসেছিল। আনাড়া আরপিএফ সূত্রে খবর, গত মাসের ১২ তারিখ বাগালিয়ার বাসিন্দা জয়দেব রজকের বিরুদ্ধে নাবালিকার পিতা আনাড়া থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই আনাড়া থানা থেকে এই ঘটনার তদন্তকারী অফিসারেরা আনাড়া আরপিএফ পোস্টে এসে পৌঁছলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় নাবালিকাকে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page