নিজস্ব সংবাদদাতা, আনাড়া, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ঃ

ভুল বশত পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পুরুলিয়া স্টেশনে ট্রেনে উঠে বসে পড়েন এক নিরক্ষর বৃদ্ধা। পরে পুরুলিয়া আরপিএফ থানার মাধ্যমেও আনাড়া আরপিএফ থানার পুলিশের কাছে এই বৃদ্ধার বিষয়ে খবর আসে। আনাড়া আরপিএফ থানার পুলিশ যথাযথ মর্যাদায় এদিন সেই একাকী বৃদ্ধাকে ট্রেন থেকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দেয়।

আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯ টা নাগাদ আনাড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে চক্রধরপুর-গোমো প্যাসেঞ্জার ট্রেনটি থামলে ট্রেনের একটি বগিতে একাকী এক বৃদ্ধাকে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত পরিস্থিতিতে বসে থাকতে দেখেন কর্তব্যরত রেল পুলিশের কর্মীরা। তাঁর অস্বস্তি বা দুশ্চিন্তাগ্রস্ত পরিস্থিতি কেন জানতে ওই বৃদ্ধার সঙ্গে যথাযথ মর্যাদায় কথাবার্তা বলতে শুরু করেন আরপিএফ কর্মীরা। পুলিশ জানতে পারে, ওই বৃদ্ধার নাম জুনু বিবি। বয়স ৬৭ বছর। বাড়ি পুরুলিয়ার চেপড়াতে। রেল পুলিশ ওই বৃদ্ধার কাছে আরো জানতে পারে, তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ট্রেন ধরতে এদিন পুরুলিয়া স্টেশনে এসেছিলেন। এই ট্রেনটি প্ল্যাটফর্মে আসতেই ওই বৃদ্ধা মনে করেন তাঁর পরিবারের সদস্যরা সকলেই এই ট্রেনে উঠে বসেছেন। তিনিও ট্রেনে উঠে বসেন। কিন্তু ট্রেনটি পুরুলিয়া স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসার পরই তিনি উপলব্ধি করেন যে, তাঁর পরিবারের সদস্যদের ছেড়েই তিনি একাকী ট্রেনে উঠে বসেছেন। ইতিমধ্যে পুরুলিয়া আরপিএফ পোস্টের তরফেও আনাড়া রেল পুলিশের কাছে এই ট্রেনের একটি বগিতে একাকী এক “নিরক্ষর” বৃদ্ধার ভুল বশত উঠে বসার খবরও এসে পৌঁছয়। এরপরই ওই বৃদ্ধাকে ট্রেন থেকে উদ্ধার করে আনাড়া আরপিএফ পোস্টে নিয়ে এসে যথাযথ মর্যাদায় বসানো হয়। আনাড়া রেল পুলিশের দপ্তরে অবিলম্বে পৌঁছনোর জন্য খবর দেওয়া হয় ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের। দুপুর ১ টা নাগাদ বৃদ্ধার ভাগ্নে তথা পুরুলিয়া মফস্বল থানা এলাকার বাসিন্দা ইসলাম শা আনাড়া রেল পুলিশের দপ্তরে পৌঁছন। এরপরই উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ওই বৃদ্ধাকে এদিন তাঁর হাতে তুলে দেওয়া হয় বলে আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। রেল পুলিশের এই মানবিক পদক্ষেপে এদিন বৃদ্ধার ভাগ্নে ইসলাম শা আনাড়া আরপিএফ থানার এএসআই এস কে গৌতম, কনস্টেবল জে গরাই সহ আনাড়া রেল পুলিশ কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page