নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ঃ
পুঞ্চা থানার বেলাগড়িয়ার এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠল। মঙ্গলবার ওই গৃহবধূ চন্দনা মুর্মু নিজের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন পুঞ্চা থানায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০১১ সালের ১৫ জুন বেলাগড়িয়ার কালীদাস মুর্মুর সঙ্গে সাঁওতালি প্রথা অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দুটি সন্তানও হয়। গৃহবধূর বক্তব্য, তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি এবং অন্য এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয়। সে বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাঁকে স্বামী বেদম মারধর করতে থাকে বলে অভিযোগ ওই গৃহবধূর। আরো অভিযোগ, শ্বশুর পবন মুর্মু, শাশুড়ি বদনি মুর্মু ও ননদ শকুন্তলা বাস্কেও ওই গৃহবধূর ওপর নির্যাতন চালাতে থাকেন। অবশেষে গত বাংলা ২ শ্রাবণ রাত্রি ৮ টা নাগাদ ওই গৃহবধূকে মারধর করে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। গতকাল পুঞ্চা থানায় ওই গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেন।
শেয়ার করুন