নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ঃ
ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে বাংলা তথা বাঙালির দুর্গা পুজো। যা রাজ্য সহ গোটা জাতিকে করেছে গৌরবান্বিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাই এদিন ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে সরকারিভাবে রাজ্যজুড়ে আয়োজিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাংলার বিভিন্ন প্রান্তে সংশ্লিষ্ট এলাকার উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
পুরুলিয়া শহরের রাঁচি রোডের মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশন থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা পুরুলিয়া শহর পরিক্রমার শেষে ডাকবাংলোতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা, জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগান সহ এই শোভাযাত্রায় এদিন হাঁটলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের তাবড় উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারাণী টুডু সহ পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষরা, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেনও। এদিন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও বাংলার ঐতিহ্যবাহী দুর্গা পুজোর গৌরবের অংশীদার হতে হাঁটলো পদযাত্রায়। পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে এদিন “আমরা গর্বিত, দেশ গর্বিত, বিশ্ব গর্বিত” ট্যাবলো ঘুরল পুরুলিয়া শহর। ছিলেন পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ পৌরসভার সমস্ত কাউন্সিলর ও আধিকারিকরা।
শোভাযাত্রার শেষে এদিন ডাক বাংলোতে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে অতিথিরা নিজেদের বক্তব্য রাখেন। ছৌ নৃত্যে মহিষাষুর মর্দিনী ও জেলার নাটুয়া লোকশিল্পীদের দ্বারা প্রস্তুত নাটুয়া নৃত্য পরিবেশিত হয়।



