নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ঃ

পুঞ্চা ব্লকের লাখড়া পঞ্চায়েতের অন্তর্গত বীরডাঙা মোড় থেকে বদড়া গ্রাম পর্যন্ত রাস্তা নির্মাণের আজ শুভ সূচনা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শিলান্যাস করেন সুজয় বাবু। আর আই ডি এফ-এর অর্থানুকুল্যে এই রাস্তাটি নির্মাণ করতে বরাদ্দ করা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৭৩ হাজার ৪২২ টাকা। রাস্তাটি নির্মাণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সিকে। উপস্থিত ছিলেন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণপদ মাহাত সহ সমিতি ও পঞ্চায়েতের পদাধিকারী ও আধিকারিকরা। এদিন রাস্তার কাজের উদ্বোধন করে উপস্থিত মানুষের উদ্দেশ্যে নিজের বক্তব্যে সুজয় বাবু বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন। বলেন, আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা নির্মাণের পুরো টাকাটাই কেন্দ্রীয় সরকার দিত রাজ্যকে। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার রাজ্যবাসীর কাছ থেকে আদায় হওয়া জিএসটি-র ৫৮ শতাংশই নিয়ে যাচ্ছে, মাত্র ৪২ শতাংশ দিচ্ছে রাজ্যকে। আবার অন্যদিকে রাস্তা নির্মাণের ক্ষেত্রে খরচের একটা বড় অংশ রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page