নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ঃ
আজ, ১৪ ই সেপ্টেম্বর পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সুসম্পন্ন হল দলের সোশ্যাল মিডিয়া সেলের সাধারণ অধিবেশন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, আইএনটিটিইউসি-র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি শেখ রহিমামিম, পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর জয় ব্যানার্জি, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিষ্ণুচন্দ্র পাল, সোশ্যাল মিডিয়া সেলের ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ চৌধুরী, সাধারণ সম্পাদক জাভেদ ইকবাল, জেলা সম্পাদক রজনী শর্মা, সন্দীপ চ্যাটার্জী, ঝুলন ব্যানার্জী সহ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের সমস্ত বিধানসভা কমিটির সভাপতি, ব্লক কমিটির সভাপতি, জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বিভিন্ন সক্রিয় কর্মী। এই বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া উপস্থিত সোশ্যাল মিডিয়াকর্মীদের নির্দেশ দেন আগামী পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কমিটিকে সুশৃংখলভাবে আরো অনেক বেশি সংঘটিত হয়ে মাঠে নেমে কাজ করতে হবে। একইসঙ্গে এদিন তিনি জানান, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। তাই জেলাতে দলের সোশ্যাল মিডিয়া কর্মীরা রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের শুল্ক-সন্ধান যেমন জেলার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেবেন, অন্যদিকে তেমনি দলীয় কর্মীদের কাছেও পৌঁছে দেবেন দলের কর্মসূচির বিস্তারিত তথ্য। তাই, ভবিষ্যতে দলের সোশ্যাল মিডিয়া সেলের পদাধিকারীদের উপস্থিতিতে যেন সমস্ত ব্লক ও শহর কমিটি বৈঠক করে, সেবিষয়েও দলীয় ব্লক ও শহর কমিটির নেতৃত্বদের যথাযথ বার্তা এদিনের বৈঠক থেকে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি বলে দলীয় সূত্রে খবর। এমনকি জেলাতে দলের যেকোন শাখা সংগঠনের পক্ষে রাজ্য স্তরের বৈঠকেও সোশ্যাল মিডিয়া সেলের পদাধিকারীদের উপস্থিত থাকার বিষয়টিও এদিনের বৈঠক থেকে সৌমেন বাবু পরিস্কার জানিয়ে দিয়েছেন।



