নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ
সিপিআইএম-এর ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই-র পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে আজ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদে। এদিন এই দুই সংগঠনের তরফে জেলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত একাধিক দাবিতে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সদস্যরা। মূলত, পড়ুয়া ও শিক্ষকের নির্দেশিত অনুপাত হিসেবে জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনৈতিকভাবে বদলির নিরপেক্ষ তদন্ত, করোনা কালে স্কুলছুটদের অবিলম্বে স্কুলে ফিরিয়ে আনা সহ বেশ কয়েক দফার দাবিসনদও এদিন সংগঠনের তরফে শিক্ষা সংসদকে দেওয়া হয় ।



