নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর ও নিতুড়িয়া, বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ
জেলার রঘুনাথপুর মহকুমায় আজ দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হল দুজনের।
জানা গিয়েছে, রঘুনাথপুর-২ ব্লকের জোরাডি গ্রামে এদিন বজ্রপাতে মৃত্যু হয় এক ১০ বছরের স্কুল ছাত্রের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালকের নাম রাজেশ মল্লিক। জানা গিয়েছে, এদিন বিকেলে স্কুল থেকে ফিরে স্কুলের এক সহপাঠীর সঙ্গে পাশের মাঠে খেলতে যায় রাজেশ। বৃষ্টি শুরু হলে দুজনেই একটি গাছের নীচে আশ্রয় নেয়। সেসময়ই বজ্রপাতে দুজনেই আহত হয়। দুজনকে উদ্ধার করে বাঁধা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক রাজেশকে মৃত বলে ঘোষণা করেন। তার সহপাঠী বন্ধুটি আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
অন্যদিকে, এদিনই নিতুড়িয়া ব্লকে এক প্রৌঢ়ের বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম হালিম আনসারি (৫৫)। বাড়ি রায়বাঁধ পঞ্চায়েতের ডুমুরহীড় গ্রামে। জানা গিয়েছে মৃত পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এদিন গ্রামেই এক জায়গায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। সেসময়ই বজ্রপাতে আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শেয়ার করুন