নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ঃ
ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই । এই অভিযুক্তই কাউন্সিলর খুনের ঘটনার মাস্টার মাইন্ড বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির নাম শশীভূষণ সিং । অভিযান চালিয়ে বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । সেখান থেকে ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আজ, শুক্রবার আনা হয় পুরুলিয়ায় । এদিনই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে পুরুলিয়া আদালতে পেশ করে সিবিআই। এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে মোট ৭ জন ।
উল্লেখ্য, বিগত ১৩ মার্চ দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের সিট । গ্রেফতার করে খুনের ঘটনার সঙ্গে জড়িত চার অভিযুক্তকে । কিন্তু এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয় নিহতের পরিবার । গত ৪ (চার) এপ্রিল কলকাতা উচ্চ আদালত এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় । ৬ এপ্রিল তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেদিনই ৬ এপ্রিল ঝালদায় এসে সিটের কাজ থেকে তদন্তভার নেয় সিবিআই। এরপরই সিটের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করে সিবিআই তদন্তকারী অফিসাররা। ১২ এপ্রিলই কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত । বর্তমানে জেল হেফাজতে রয়েছেন নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দু, নিহত তপন কান্দুর ভাই নরেন কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান পরামানিক । গত ১৩ জুন পুরুলিয়া জেলা আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করে সিবিআই । গত ২৪ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে পুরুলিয়া জেলা আদালতে । এরপরই ৩ সেপ্টেম্বর এই খুনের ঘটনায় ঝাড়খণ্ড থেকে শুটার জাবির আনসারীকে গ্রেফতার করে সিবিআই । পরদিন ৪ সেপ্টেম্বর অভিযুক্তকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় পুরুলিয়া জেলা আদালত । আজ শুক্রবার বিহার থেকে খুনের মাস্টার মাইন্ড শশীভূষণ সিংকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা আদালতে পেশ করে সিবিআই ।

