নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ঃ

সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়া শহরের বি টি সরকার রোডের এক মার্বেল ব্যবসায়ী। জানা গিয়েছে, দু দফায় প্রতারকরা রচিতা ডাগা নামের ওই মার্বেল ও টাইলস ব্যবসায়ীর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। জানা গিয়েছে, গত ২৬ তারিখ একটি অচেনা নম্বর থেকে মার্বেল ব্যবসায়ী রচিতা ডাগার মোবাইলে এক ব্যক্তি ফোন করে নিজেকে সেনাবাহিনীর অফিসার হিসেবে পরিচয় দেন। ওই ব্যক্তি এমনও দাবি করেন যে, তিনি পানাগড়ের সেনা ক্যাম্পে কর্মরত। এরপরই ফোনে ৩৪ হাজার ৪০০ টাকার মার্বেলের অর্ডার দেন ওই ব্যক্তি। কিছু পরেই অন্য একটি নম্বর থেকে ব্যবসায়ীর কাছে পুনরায় ফোন আসে। মার্বেল ব্যবসায়ী রচিতা ডাগাকে বলা হয় বিলের অগ্রীম বাবদ টাকা পাঠানো হবে। তাই তাঁর ফোনে একটি কিউ আর কোড পাঠানো হয়েছে, সেটি স্ক্যান করতে। রচিতা দেবী ওই কিউ আর কোড স্ক্যান করতেই তাঁর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। রচিতা ডাগা জানান, তাঁর এই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফোনের গুগুল পে অ্যাকাউন্টটির সঙ্গে সংযুক্ত রয়েছে। এরপর প্রায় এক লক্ষ টাকা চলে যাওয়ার বিষয়ে ওই অচেনা নম্বরের ব্যাক্তিকে জিজ্ঞাসা করেন রচিতা ডাগা। সেই টাকা ফেরত পেতে অচেনা ব্যাক্তি অন্য দুটি নম্বরে আরো ১ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা ব্যবসায়ীকে পাঠাতে বলে। ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে সেই টাকাও পাঠান মার্বেল ব্যবসায়ী। কিন্ত পরে আরো টাকা দাবি করাতেই রচিতা দেবী বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এদিন রচিতা ডাগার স্বামী হর্ষ ডাগা জানান, সমস্ত ঘটনা জানিয়ে ও অচেনা মোবাইল নম্বরের বিবরণ সহ পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page