নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ঃ
বুধবার রাজ্যজুড়ে ছিল সিপিআইএম-এর “চোর ধরো জেল ভরো” কর্মসূচির অধীন মিছিল ও সভা। ওইদিন বর্ধমানে মিছিল ও সভায় অংশগ্রহনকারী বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ বাধে। গ্রেপ্তার হন প্রায় ৫০ জন বাম কর্মী। দলীয় কর্মীদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা দিয়েছে অভিযোগ তুলে আজ আবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করে সিপিআইএম। এদিন সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির পক্ষে অলঙ্গিডাঙার দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। একইসঙ্গে একটি পথসভাও করা হয়েছে এদিন। কমিটির সম্পাদক নিলয় মুখার্জি জানান, বুধবার বর্ধমানে দলের শান্তিপূর্ণ রাজনৈতিক মিছিলে শাসকের দলদাস পুলিশ বর্বরোচিত আক্রমণ করে। তাতে আক্রান্ত হয়েছেন দলের বহু মহিলা কর্মী সহ সাধারণ মানুষও। এমনকি আভাস রায় চৌধুরী সহ ৪৩ জনকে মিথ্যে মামলায় গ্রেফতারের পাশাপাশি দলীয় কার্যালয়েও হামলা চালায় পুলিশ। নিলয় বাবু বলেন, দলের রাজ্য কমিটির পক্ষে ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি অবিলম্বে আটক দলীয় কর্মীদের মুক্তির দাবিতে এদিন রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তোলার ডাক দেওয়া হয়।



