নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ২ জুন ২০২২ঃ

গত পুর নির্বাচনে জয়ী ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ভোটের ফল বেরোনোর কয়েকদিনের মাথাতেই খুন হন। দল ও পরিবারের চাপে বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে সি বি আই। মূলত তপন কান্দুর “নৃশংস” হত্যার প্রতিবাদেই ওই ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থী দিল না বামফ্রন্ট বলে ঝালদা ফরওয়ার্ড ব্লক সূত্রে জানা গিয়েছে। মূলত ২ নম্বর ওয়ার্ডের সিটটি ফঃবঃ-র।বুধবার এনিয়ে ফঃবঃ ঝালদাতে একটি সাংবাদিক বৈঠকও করে। বৃহস্পতিবার ফঃবঃ-র জেলা যুব লিগের সম্পাদক মন্ডলীর সদস্য তথা দলের ঝালদা শহর সম্পাদক মন্ডলীর সদস্য মুকেশ দাস জানান, ঝালদা চিরদিনই একটি শান্তিপ্রিয় শহর। সেখানে কয়েকদিন আগে যেভাবে এক কাউন্সিলরকে নৃশংসতার সঙ্গে হত্যা করা করা হয়েছে, তাতে সাধারণ মানুষের নিরাপত্তাও আজ প্রশ্নের মুখে। যার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুকেশ বাবু আরো জানান, এছাড়াও তপন কান্দু একসময় দীর্ঘদিন ফঃবঃ-র সদস্য ছিলেন। ফঃবঃ-র হয়ে তিনি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও হয়েছেন। ফলে দল এবং সার্বিক ভাবে বামফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবারের সদস্যদের পাশে থাকার। তাই পারিবারিক সদস্য তথা কংগ্রেস প্রার্থী তপন বাবুর ভাইপো মিঠুন কান্দুর সমর্থনেই থাকার সিদ্ধান্ত নিয়েছে দল।

শেয়ার করুন

You cannot copy content of this page