নিজস্ব সংবাদদাতা, সাঁতুড়ি, বুধবার, ১৭ আগষ্ট ২০২২ঃ
আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপাড় এলাকায় অভিযান চালিয়ে চোর সহ চুরি যাওয়া সোনার অলঙ্কার ও নগদের আংশিক উদ্ধার করল সাঁতুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের গত ১২ তারিখ সাঁতুড়ি থানার কোটালডি গ্রামের এক বাসিন্দার বাড়িতে দিনে-দুপুরে প্রায় ৩০০ গ্রাম সোনা ও রূপোর গয়না সহ নগদ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ওইদিন সকাল দশটা নাগাদ বাড়ির লোকেরা পুজো দেওয়ার কারণে দরজায় তালা দিয়ে স্থানীয় মন্দিরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেসময়ই ওই বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়েই ওইদিন তড়িঘড়ি ঘটনাস্থলে যায় সাঁতুড়ি থানার পুলিশ। শুরু হয় তদন্ত। গোটা সাঁতুড়ি এলাকাজুড়ে পুলিশের চিরুনি তল্লাশিতে অবিলম্বে সাফল্যও আসে। সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য ও সিসি টিভি ফুটেজ দেখে আসানসোল উত্তর থানার রেলপাড় এলাকা থেকে বামাল একজনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া সোনা ও রূপোর গয়নার আংশিক ও নগদ ৫০ হাজার টাকা আটক ব্যাক্তির কাছ থেকে উদ্ধার করা গিয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরো একজনের খোঁজ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। চুরির অবশিষ্ট সামগ্রী তার কাছেই রয়েছে বলেও পুলিশ জানতে পেরেছে। তার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে সাঁতুড়ি থানার পুলিশ।
শেয়ার করুন